বন্ধ শিল্পকারখানা ধাপে ধাপে চালুর ঘোষণা তারেক রহমানের

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধাপে ধাপে এসব কারখানা পুনরায় সচল করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান শ্রমিক ও কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর কাজও এগিয়ে চলছে।
বিজ্ঞাপন
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং তারা অনেক সময় প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
তারেক রহমানের বলেন, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
বিজ্ঞাপন
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা।








