Logo

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি মির্জা ফখরুলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৯:৫১
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

বিজ্ঞাপন

বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমিকদের পরিবার, বিশেষ করে তাদের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তা গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।

চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকরা এখনও মানবেতর জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্টদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে অতীতের আন্দোলন-সংগ্রামে তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

একাধিক আন্দোলনে শ্রমিকদের ত্যাগ ও অবদান স্মরণ করে তিনি বলেন, এই শক্তিই রাজনৈতিক সংগ্রামে বড় সহায়তা দিয়েছে।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ আয়োজনে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD