Logo

নুসরাত তাবাসসুম শপথ নিতে পারছেন না আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৮:০৬
নুসরাত তাবাসসুম শপথ নিতে পারছেন না আজ
নুসরাত তাবাসসুম | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজ হচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত আইনি প্রক্রিয়া ও আপিলের সময়সীমা বজায় রাখার কারণে এই বিলম্ব ঘটেছে। ফলে রবিবার রাতে অন্য ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের সঙ্গে তিনি শপথ নিতে পারছেন না।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পর সাধারণত পরদিনই গেজেট প্রকাশ করা হয়। তবে আপিল দায়ের বা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ দিতে নির্দিষ্ট সময় রাখা বাধ্যতামূলক হওয়ায় আজ গেজেট প্রকাশ সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নুসরাত তাবাসসুম জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান থাকায় গেজেট প্রকাশ পিছিয়ে গেছে। নির্বাচন কমিশনের ধারণা, সব কিছু অনুকূলে থাকলে আগামী সোমবার গেজেট প্রকাশ হতে পারে।

এর আগে, গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। তাদের শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে রবিবার রাত ৯টা। তবে এই তালিকায় নুসরাত তাবাসসুমের নাম অন্তর্ভুক্ত হচ্ছে না।

বিজ্ঞাপন

এদিকে, এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের দায়ের করা রিট নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং আদালতের নির্দেশনার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

নির্বাচন কমিশনার আরও জানান, সংরক্ষিত আসনটি একটিমাত্র হওয়ায় আদালত যদি কোনো রুল জারি করে, তাহলে কমিশনকে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। এমন পরিস্থিতিতে গেজেট প্রকাশের পরও আইনি নির্দেশনায় তা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা দুইজন হলে জোটের ভেতরে ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD