Logo

নিরাপত্তার বাধা ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৫:২১
নিরাপত্তার বাধা ছাড়িয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর ভরদুপুরে রবিবারের দৃশ্য ছিল কিছুটা ভিন্ন। সাধারণত রাষ্ট্রীয় প্রোটোকল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চলাচল করা শীর্ষ নেতৃত্বের বাইরে বেরোনোর সময় যে কনভয় ও কড়াকড়ি দেখা যায়, সেদিন তা ছিল তুলনামূলক শিথিল। ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কনভয়ে না উঠে হেঁটেই সাধারণ মানুষের মাঝে মিশে যান।

বিজ্ঞাপন

ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হওয়ার পর তিনি সরাসরি সচিবালয়ের দিকে হাঁটা শুরু করেন। এ সময় তার নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা জনসাধারণের চলাচলে বড় কোনো বাধা তৈরি করেনি। ফলে আশপাশে থাকা সাধারণ মানুষ খুব কাছ থেকে তাকে দেখার সুযোগ পান এবং অনেকেই তাকে সালাম জানান। প্রধানমন্ত্রীও হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর আনুমানিক ২টা ৬ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বের হয়ে তিনি জনতার কাতারে নেমে আসেন। রাস্তার পাশে থাকা পথচারীরা তাকে দেখে অভিবাদন জানালে তিনি তা গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণভাবে সাড়া দেন।

বিজ্ঞাপন

এর আগে, একই স্থানে চার দিনব্যাপী ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম ডিসি সম্মেলন বলে জানা গেছে।

প্রশাসনের মাঠ পর্যায়ের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই বার্ষিক সম্মেলনে ডিসিরা সরকারের নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের জন্য মোট ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD