বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন ব্যবস্থাপনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাওরাঞ্চল দেশের ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব এলাকায় প্রাকৃতিক কারণে হঠাৎ পানি প্রবেশ করে ফসল তলিয়ে যায়, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।
তিনি আরও বলেন, কার্যকর বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা সম্ভব, এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। গত ১৫ দিন ধরে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে এবং ফসল কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে।
মন্ত্রী জানান, কোথাও কোথাও প্রায় ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। শ্রমিক সংকট দেখা দিলে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক পাঠানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরিবহন ব্যবস্থাও করা হয়েছে।
বিজ্ঞাপন
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, কিছু এলাকায় ফসলের ক্ষতি হলেও তা বড় ধরনের নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে।








