নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যে দিন যাছাই-বাছাই করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী হওয়া নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মে (শনিবার) তার মনোনয়নপত্র বাছাই করা হবে। এ বিষয়ে বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
প্রকাশিত তথ্যে বলা হয়, নুসরাত তাবাসসুম জ্যোতি সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। তিনি ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। পরবর্তীতে তার মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়।
বিজ্ঞাপন
রিট পিটিশন (নম্বর: ৫০২২/২০২৬)-এর ওপর শুনানি শেষে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং তা যথাযথভাবে বাছাই করার নির্দেশ দেয়। আদালতের এই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচন কমিশন নতুন করে বাছাইয়ের দিন নির্ধারণ করেছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২ মে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ের ৫০৪ নম্বর কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় প্রার্থী নুসরাত তাবাসসুমসহ তার প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। এতে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথ সুগম হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।








