সরকার পতনের হুমকি এলে রাজপথেই জবাব দেওয়া হবে: ইশরাক

সরকার পতনের হুমকি এলে তা রাজপথেই জবাব দেওয়া হবে—এমন কড়া বার্তা দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন তার বক্তব্যে দাবি করেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনের মতো নয়, এবার জনগণের ম্যান্ডেট নিয়েই তারা সংসদে প্রতিনিধিত্ব করছেন।
বিজ্ঞাপন
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি ভয়ভীতি প্রদর্শন করে সরকার পতনের চিন্তা করে, তবে তা সফল হবে না।
তিনি সংসদ নেতার উদ্দেশে বলেন, প্রয়োজন হলে নির্দেশ পেলেই তারা রাজপথে নামতে প্রস্তুত। অতীতে যেভাবে আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা হয়েছিল, একইভাবে এবারও কর্মসূচি নেওয়া হবে।
সংসদে বিরোধী দলের বক্তব্যের প্রশংসা করলেও ইশরাক অভিযোগ করেন, সংসদের বাইরে তাদের বক্তব্যে উসকানিমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে। এর প্রভাব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সম্প্রতি জ্বালানি সংকট মোকাবিলায় একটি কার্যকর কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকেও ইতিবাচক মন্তব্য এসেছে। তবে সংসদ অধিবেশন না থাকা সময়কালে বিরোধী নেতারা বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে জনগণকে উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া অল্প সময়ের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করে বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে সরকারপক্ষ প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে বলে তিনি স্পষ্ট করেন।








