চাপের অভিযোগ কাফির, অস্বীকার করলেন বাসার মালিক

রাজনীতিতে যুক্ত হওয়ার পর নানা ধরনের চাপ ও বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে নিজের এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
গত সোমবার (২৭ এপ্রিল) ‘কাফি’ নামে ফেসবুক পেজ থেকে লাইভে এসে কাফি দাবি করেন, রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি জানান, যে বাসায় তিনি প্রায় দুই বছর ধরে ভাড়া থাকছেন, সেখান থেকে তাকে বাসা ছাড়ার কথা বলা হয়েছে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পর তার পেশাগত কাজেও প্রভাব পড়েছে। তার দাবি অনুযায়ী, এক বছরের জন্য একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ থাকলেও হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
কাফি অভিযোগ করেন, নিজের বাসার ছাদে একটি সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ভবনের অন্য ভাড়াটিয়া ও বাসিন্দাদের আপত্তি তৈরি হয়। তার মতে, এটি তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে হয়েছে।
লাইভে তিনি আরও বলেন, রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পর তার সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠান থেকে ফোন করে জানানো হয়, তারা আর চুক্তি চালিয়ে যেতে পারবে না। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ক্ষমতাসীন দলে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত এবং তখন এমন চাপের মুখে পড়তে হতো না।
বিজ্ঞাপন
তবে তিনি এটিকে জীবনের পরীক্ষা হিসেবে দেখছেন বলেও জানান। কাফির ভাষায়, “যাই হোক না কেন আমি ভেঙে পড়ছি না। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন। সামনে ভালো কিছু অপেক্ষা করছে।”
এদিকে কাফির অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ট্রাভেল নেক্সট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, কাফি তাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে। এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া এবং এর পেছনে কোনো রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত বিষয় নেই বলে তিনি দাবি করেন।
অন্যদিকে কাফির বাসার ফ্ল্যাট মালিক তৃষা আক্তারও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, কাফিকে বাসা ছাড়ার কোনো নোটিশ বা নির্দেশ দেওয়া হয়নি। তার ভাষায়, ভবনে ব্যাচেলর ভাড়া দেওয়ার নিয়ম নেই। তবে কাফির কনটেন্ট পছন্দ করায় তাকে মানবিক কারণে ভাড়া দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কাফি রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর ভবনের কিছু মালিক উদ্বেগ প্রকাশ করেন যে, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ভবনে লোকসমাগম বাড়তে পারে, যা পারিবারিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। তবে তাকে বাসা ছাড়তে বাধ্য করার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
তৃষা আক্তার জানান, এ বিষয়ে কাফির সঙ্গে বসে বিস্তারিত কথা বলবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন নুরুজ্জামান কাফি।








