Logo

মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি শ্রমিকপক্ষের ধারেকাছেও নেই: বাবুল আক্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৯:১০
মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি শ্রমিকপক্ষের ধারেকাছেও নেই: বাবুল আক্তার
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের প্রত্যাশার তুলনায় অনেক কম। এমনকি শ্রমিকপক্ষের উত্থাপিত দাবির ধারেকাছেও মালিকদের প্রস্তাব পৌঁছায়নি বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাবুল আক্তার জানান, পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে সেই দাবির প্রতিফলন নেই। এ কারণে শ্রমিকপক্ষ প্রস্তাবটি নিয়ে সন্তুষ্ট নয়।

তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই। তবে এটিকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের আগের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব জমা দেবে।

বিজ্ঞাপন

বাবুল আক্তার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’

আলোচনা দ্রুত শেষ না হলে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন শ্রমিক প্রতিনিধি। প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে মালিক ও শ্রমিক—উভয়পক্ষ একমত হয়েছে বলে জানান বাবুল আক্তার।

মালিকপক্ষের প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের সংশোধিত প্রস্তাব পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী আলোচনা ও দর-কষাকষি এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

শ্রমিক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি মজুরি কাঠামো নির্ধারণের চেষ্টা চলছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD