পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন প্রস্তাব দেবে উভয়পক্ষ, সিদ্ধান্ত পরে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক—উভয়পক্ষই সংশোধিত প্রস্তাব জমা দেবে। নতুন প্রস্তাব পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের প্রতিনিধিদের কাছে যৌক্তিক মনে হয়নি। অন্যদিকে শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও যথাযথ বলে মনে করছে না মালিকপক্ষ। এ পরিস্থিতিতে দুই পক্ষকেই সংশোধিত প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলো পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে মালিকপক্ষ শ্রমিকদের জন্য কত টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি বোর্ডের সদস্যরা।
বিজ্ঞাপন
পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরির লক্ষ্যে সোমবার দুপুরে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। এরপর শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে বোর্ডের কার্যক্রম অব্যাহত রাখতে ২৩ নভেম্বর তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
এখন মালিক ও শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করেই পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে মজুরি বোর্ড।








