দুই জাহাজের চাপে লাইটার, শ্রমিকের মুখে ‘ইন্না লিল্লাহ’

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুই বড় জাহাজের মাঝখানে পড়ে একটি লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সয়াবিনবীজবাহী একটি জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজের পাশে থাকা লাইটারটি দুই জাহাজের মাঝখানে আটকা পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এ সময় আতঙ্কিত এক শ্রমিককে বলতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া এলাকায় কয়লাবাহী পানামার পতাকাবাহী জাহাজ এপিজে শিরিনের পাশে একটি লাইটার জাহাজ বেঁধে রাখা হয়েছিল। ওই সময় নোঙর তুলে অবস্থান পরিবর্তনের চেষ্টা করছিল লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি। একপর্যায়ে জাহাজটি এগিয়ে গিয়ে এপিজে শিরিনের পাশে থাকা লাইটার জাহাজে ধাক্কা দেয়।
সংঘর্ষের সময় এপিজে শিরিনে পণ্য খালাসের কাজে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ধারণ করা ভিডিওতে এক শ্রমিককে চিৎকার করে বলতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’
বিজ্ঞাপন
দুই বড় জাহাজের মাঝখানে পড়ে যায় ছোট লাইটার জাহাজটি। তবে সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সামুদ্রিক দূষণেরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে আসা এপিজে শিরিন পানামার পতাকাবাহী জাহাজ। আর লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি ব্রাজিল থেকে প্রায় ৫১ হাজার টন সয়াবিনবীজ নিয়ে এসেছে।
দুই জাহাজের মাঝখানে লাইটার
বিজ্ঞাপন
ঘটনার সময় ধারণ করা দুটি ভিডিওতে দেখা যায়, এপিজে শিরিনের গায়ে লাগিয়ে লাইটার জাহাজটি অবস্থান করছিল।
এ সময় এমভি এইচজি সিডনি নোঙর তুলে গতিপথ পরিবর্তন করতে গিয়ে এপিজে শিরিনের খুব কাছে চলে আসে। একপর্যায়ে জাহাজটির পাশের অংশ এপিজে শিরিনে আঘাত করে। একই সঙ্গে দুই বড় জাহাজের মাঝখানে থাকা লাইটার জাহাজটিও ধাক্কা খায়। লাইটার জাহাজটি কয়লা খালাসের জন্য এপিজে শিরিনের পাশে ছিল।
ভিডিওতে দেখা যায়, এইচজি সিডনির ধাক্কায় লাইটার জাহাজটির সামনের দিকের ওপরের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে ধাক্কার সঙ্গে সঙ্গে লাইটারটি সরে যাওয়ায় দুই বড় জাহাজের মধ্যে চাপা পড়া থেকে রক্ষা পায়।
বিজ্ঞাপন
ঘটনার সময় ভিডিও ধারণকারী শ্রমিকদের কণ্ঠে আতঙ্ক শোনা যায়। লাইটার জাহাজটির দিকে এইচজি সিডনিকে এগিয়ে আসতে দেখে তাদের একজন চিৎকার করে ওঠেন, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’
বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি
এমভি এইচজি সিডনির স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন জানান, সংঘর্ষের কারণে লাইটার জাহাজটির সামনের ওপরের অংশ কিছুটা বেঁকে গেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি সামুদ্রিক দূষণেরও কোনো খবর পাওয়া যায়নি। দুই বিদেশি জাহাজই বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে।








