ছেলের জন্মদিনে বাড়ি ফেরার কথা ছিল পুলিশ সদস্যের, ফিরল লাশ হয়ে

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিহত আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের সদস্যদের কান্না আর স্বজনদের সান্ত্বনায় কাটছে সময়। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যরা।
নিহত আনোয়ার মোল্লা দত্তখন্ড গ্রামের মৃত যত্তন মোল্লার ছেলে। তাঁর মায়ের নাম হাবিয়া বেগম। ২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। স্ত্রী আনিছা আক্তারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের আট বছর। তাঁদের সংসারে ছয় বছর বয়সী এক মেয়ে ও দুই বছর বয়সী এক ছেলে রয়েছে।
নিহত আনোয়ারের স্ত্রী আনিছা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই দিন পর তাঁদের ছেলের জন্মদিন। এ উপলক্ষে ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল আনোয়ারের। রাতে ১০টার দিকে স্বামীকে ফোন দিলে মোবাইল বন্ধ পান। ভেবেছিলেন, সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়ে পড়েছেন। তাই আর ফোন দেননি। পরে রাত ১টার দিকে খবর পান, তাঁর স্বামী ছুরিকাঘাতে মারা গেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “দুই দিন পর ছেলের জন্মদিনে স্বামী বাড়িতে আসবেন, এ অপেক্ষায় ছিলাম। ১০ দিনের ছুটিতে বাড়িতে এসে সন্তানদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাঁর। কিন্তু এখন তিনি আর কখনো বাড়িতে ফিরবেন না—এটা কিছুতেই মেনে নিতে পারছি না।”
এদিকে ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা হাবিয়া বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, “আল্লাহ, তুমি আমারে এ কী করলা! আমি এখন কী নিয়ে বাঁচব? আমার ছেলেকে ছাড়া আমি কীভাবে থাকব?” তাঁর আহাজারিতে উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের চোখও ভিজে ওঠে।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানের কাজে ওই এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুল সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন হামলাকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাঁর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি। ছোট দুই সন্তানকে নিয়ে কীভাবে সামনের দিনগুলো কাটবে, তা ভেবে দিশেহারা স্ত্রী আনিছা আক্তার। যে সন্তানদের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতেন আনোয়ার, সেই সন্তানদের কাছেই আর ফেরা হলো না তাঁর।
আনোয়ারের এমন মর্মান্তিক মৃত্যুতে দত্তখন্ড গ্রামের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।








