আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার

লক্ষ্মীপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে ওঠার পর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল বের করেন।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।
অভিযোগের মুখে থাকা মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। তার দাবি, বর্তমানে দলটির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জামিনে মুক্ত হয়ে তারা আইনজীবীসহ বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে কিছু আইনজীবীর সমর্থন ও উৎসাহ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।








