বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় ঘণ্টাব্যাপী উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে জড়ো হন শ্রমিকরা। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের সড়ক অবরোধ না করার অনুরোধ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে পুলিশের নিষেধ উপেক্ষা করে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে শ্রমিকরা আশপাশের গলি ও বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়েও তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা পিছু হটলে পুলিশ তাঁদের কয়েক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে। সংঘর্ষের সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।








