Logo

মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী, রাস্তায় মশারি টাঙিয়ে প্রতিবাদ

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২৪ নভেম্বর, ২০২৬, ১৭:৪৬
মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী, রাস্তায় মশারি টাঙিয়ে প্রতিবাদ
ছবি: সংগৃহীত

মশার উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরবাসী। বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কাও। এমন পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাস্তায় মশারি টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ ও প্রতীকী শোভাযাত্রা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার থেকে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় উপদ্রব—সব মিলিয়ে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় জনদুর্ভোগ বাড়ছে।

বিজ্ঞাপন

এ সময় মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, লোকদেখানো উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উপযুক্ত স্থানে পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।

নগরবাসীর দুর্ভোগ নিরসনে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD