Logo

সার বীজ ডিজেলের দাম বৃদ্ধি, চাষাবাদে বিপাকে চরাঞ্চলের কৃষকেরা

profile picture
উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম, লালমনিরহাট
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:৫৩
সার বীজ ডিজেলের দাম বৃদ্ধি, চাষাবাদে বিপাকে চরাঞ্চলের কৃষকেরা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে শীতকালীন ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে ভুট্টা, ধান, গম, আলু, রসুন, মিষ্টিকুমড়াসহ নানা ফসলের আবাদ করেছেন তাঁরা।

বিজ্ঞাপন

তবে সার, বীজ, কীটনাশক, সেচের ডিজেল ও জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকেরা। বাড়তি ব্যয়ের পর উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে তাঁদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাটগ্রামের আটটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নদী অববাহিকায় প্রায় ৪৮০ হেক্টর চর জেগে উঠেছে। এর মধ্যে প্রায় ৪৬০ হেক্টর জমিতে অন্তত ২০ ধরনের ফসলের আবাদ হচ্ছে। সবচেয়ে বেশি ৩৩০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে ভুট্টা। এ ছাড়া তরমুজ, গম, মিষ্টিকুমড়া, শাকসবজি, আলু, চিনাবাদাম, রসুন ও মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন কৃষকেরা।

এসব জমি থেকে প্রায় ৮ হাজার ৬ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা।

বিজ্ঞাপন

সরেজমিনে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর চরাঞ্চল ঘুরে দেখা যায়, কৃষক-কৃষাণীরা ফসলের পরিচর্যায় ব্যস্ত। কেউ জমিতে সার ছিটাচ্ছেন, কেউ শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও নিড়ানির কাজ করছেন। বিশেষ করে দহগ্রাম এলাকার তিস্তা নদীর চরে ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক আবাদ দেখা গেছে।

তবে মাঠে ফসলের সমারোহ থাকলেও কৃষকদের মনে স্বস্তি নেই। তাঁদের অভিযোগ, বাজারে সারের বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে। এর সঙ্গে বীজ, কীটনাশক ও সেচের ডিজেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে।

দুর্গম চরাঞ্চলে কৃষি উপকরণ পরিবহনের জন্যও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে সব মিলিয়ে চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। তাঁদের আশঙ্কা, বাজারে ফসলের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

দহগ্রামের কৃষক তাইজুল ইসলাম বলেন, ‘এবার আমাদের চাষাবাদে তেল, সার ও বীজের দাম বেশি। বাজারে ফসলের সঠিক দাম না পেলে আমাদের খরচই উঠবে না।’

একই এলাকার কৃষক ছকিম আলী বলেন, ‘তিস্তা চরে ভুট্টা আবাদ করছি। সার বেশি দামে কিনতে হচ্ছে, তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা কৃষক মানুষ, সময়মতো সার না পেলে আবাদ হবে না।’

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া বলেন, ভর্তুকি মূল্যে বরাদ্দ পাওয়া সার সরকার নির্ধারিত দামেই কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে প্রযুক্তিগত জ্ঞানের অভাবে অনেক কৃষক জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করেন। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। কিছু জায়গায় বেশি দামে সার বিক্রির অভিযোগও শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষি উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। অনেক সময় কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। তবে সরকারিভাবে ধান সংগ্রহের সময় কৃষকেরা ন্যায্যমূল্য পান।

সব মিলিয়ে পাটগ্রামের চরাঞ্চলে কৃষি উৎপাদনের সম্ভাবনা থাকলেও বাড়তি উপকরণ ব্যয় ও বাজারমূল্যের অনিশ্চয়তা কৃষকদের উদ্বেগ বাড়াচ্ছে। উৎপাদন খরচ কমানো এবং কৃষি উপকরণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD