পরিবারের সুখের আশায় সৌদি আরবে ১২ বছর, এখন আইসিইউতে সেই আজাদ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো এবং দুই মেয়ের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবুল কালাম আজাদ। প্রবাসে দিনরাত পরিশ্রম করলেও দীর্ঘ ১২ বছরে একবারের জন্যও দেশে ফিরতে পারেননি তিনি। অথচ পরিবারের জন্য জীবনভর সংগ্রাম করা সেই মানুষটিই এখন সৌদি আরবের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
প্রায় দুই বছর ধরে সেখানে চিকিৎসা চলছে তার। হাসপাতালের জমে থাকা বিপুল বিল পরিশোধ করে দেশে ফেরানোর সামর্থ্য নেই পরিবারের। তাই অসুস্থ আজাদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্ত্রী ও দুই মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী কোহিনূর বেগম ও দুই কন্যাকে রেখে ২০১৩ সালে সৌদি আরবে যান আবুল কালাম আজাদ। বিদেশে যাওয়ার দুই বছর পর কাগজপত্রের জটিলতায় তার বৈধতার সমস্যা তৈরি হয়। এরপর থেকে দেশে ফেরা সম্ভব হয়নি তার। দেশে ফিরে গেলে পুনরায় সৌদি আরবে যেতে পারবেন না—এমন আশঙ্কায় প্রবাসেই থেকে যান তিনি।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরিচিতজনদের সহযোগিতায় বিভিন্ন কাজ করে আয় করতেন আজাদ। একদিকে বিদেশে যাওয়ার সময় নেওয়া ঋণ পরিশোধ, অন্যদিকে পরিবারের জন্য অর্থ পাঠানো—এই দুই দায়িত্ব সামলাতেই কেটে যায় তার দীর্ঘ প্রবাসজীবন। এর মধ্যে মেয়েদের জন্য বাড়িতে একটি ঘর নির্মাণ করতে পেরেছিলেন তিনি। স্বপ্ন ছিল, মেয়েরা বড় হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়বে। তাদের জীবন বদলানোর সেই প্রত্যাশাই তাকে দেশে ফেরার সুযোগ না থাকলেও প্রবাসে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে।
বিজ্ঞাপন
কিন্তু ২০২৪ সালের ১৭ অক্টোবর কর্মস্থলে দুর্ঘটনার শিকার হন আজাদ। একটি বহুতল ভবনে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সৌদি আরবের আল হায়াত ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দীর্ঘ চিকিৎসায় হাসপাতালের বিল জমেছে বিপুল অঙ্কের। আর্থিক সংকটের কারণে সেই অর্থ পরিশোধ করে আজাদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার। দুই মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে স্ত্রী কোহিনূর বেগমের। বাবাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা চেয়েছেন স্বজনেরা।
কোহিনূর বেগম বলেন, “আমার স্বামী সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের সুখের জন্য। কিন্তু কাগজের জটিলতায় পড়ে অবৈধ হয়ে যান। তাই তিনি দেশে আসতে পারছিলেন না, কারণ দেশে আসলে আর যেতে পারবেন না। দীর্ঘ সময়ে অতিবাহিত হওয়ার পর তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দুর্ঘটনার পর টানা দুইবছর ধরে আইসিইউতে চিকিৎসাধীন। প্রচুর টাকা বিল জমেছে। এই টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। তাকে কিভাবে দেশে নিয়ে আসবো!”
বিজ্ঞাপন
আজাদের ছোট মেয়ে লাকি আক্তার বলেন, “বাবাকে সেই ছোট বেলায় দেখেছি। তিনি আমাদের জন্য প্রবাসে গিয়ে অনেক কষ্ট করেছেন। বাবার জন্য অপেক্ষা করেছি, কখন দেশে আসবেন তিনি। তাকে একটু ছুঁয়ে দেখবো। কিন্তু এখন যে অবস্থায় তিনি আছেন।”
আজাদের ভাই দুলাল মিয়া জানান, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। ভাইয়ের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই। তিনি বলেন, “আমার ভাইকে যে পরিবার থেকে ১০ টাকা দিবে এই ক্ষমতা নেই। তাদের চলা খুবই কষ্টকর। তার কিছুই নেই। সরকারের কাছে দাবি জানাই আমার ভাইকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, পরিবার আবেদন করলে বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যথাসম্ভব সহযোগিতা করা হবে।








