দুপুরের পর শ্রমিক বিক্ষোভে আবারও উত্তাল গাজীপুর, বন্ধ ৭০ পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিনেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বিক্ষোভ চললেও দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ৭০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় আবারও মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর গাজীপুরা ২৭ এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষোভরত শ্রমিকদের একটি অংশ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দিলেও পরবর্তী সময়ে অন্য এলাকায় আবারও বিক্ষোভের চেষ্টা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মোট ৭০টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।








