Logo

দীর্ঘ বিরতির পর টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে সিমেন্ট রপ্তানি শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
টেকনাফ, কক্সবাজার
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:১২
দীর্ঘ বিরতির পর টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে সিমেন্ট রপ্তানি শুরু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার তিন ব্যবসায়ীর মোট ৮৭০ বস্তা সিমেন্ট রপ্তানি করা হয়েছে। তবে দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকায় বন্দরের বিভিন্ন গুদামে পড়ে থাকা ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে।

বিজ্ঞাপন

এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়েছে সরকার।

জানা গেছে, গত মার্চের শেষ দিকে বাংলাদেশ থেকে সর্বশেষ মিয়ানমারের রাখাইন রাজ্যে সিমেন্ট রপ্তানি করা হয়েছিল। এরপর থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিযোগ ছিল, বাংলাদেশের সিমেন্ট ব্যবহার করে রাখাইনে বাংকার কিংবা সুড়ঙ্গ নির্মাণের আশঙ্কায় মিয়ানমারে সিমেন্ট আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ফলে রপ্তানির উদ্দেশ্যে টেকনাফ স্থলবন্দরে আনা বিপুল পরিমাণ সিমেন্ট আটকে পড়ে। দীর্ঘদিন গুদামে সংরক্ষিত থাকায় এর বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার পর আবারও সিমেন্ট রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, রপ্তানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী সিমেন্ট অবাধে রপ্তানিযোগ্য পণ্য। তাই এ পণ্য রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক রপ্তানি অনুমতিপত্র বা এক্সপোর্ট পারমিটের প্রয়োজন নেই। এই নির্দেশনার পর টেকনাফ স্থলবন্দর দিয়ে নতুন করে সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির বিষয়ে নতুন চিঠি পাওয়ার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিনে ৮৭০ বস্তা সিমেন্ট মিয়ানমারে রপ্তানি হয়েছে। ২২ নভেম্বর আরও হাজার খানেক ব্যাগ সিমেন্ট রপ্তানি প্রক্রিয়া চলছে।

তিনি জানান, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে মংডুর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের তথ্যমতে, দীর্ঘদিন সিমেন্ট রপ্তানি বন্ধ থাকায় বন্দরের কয়েকটি গুদামে মোট ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়েছে। এর মধ্যে একজন ব্যবসায়ীরই ৮ হাজার ৮০০ বস্তা সিমেন্ট রয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, রপ্তানি বন্ধ থাকায় বন্দরের গুদামে আমার ৮ হাজার ৮০০ বস্তাসহ ২২ হাজারের বেশি বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে আমার মতো অনেক ব্যবসায়ী ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে চট্টগ্রামের নে টং ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কিছু সিমেন্ট তাঁর সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজের মাধ্যমে রপ্তানি করা হয়েছে। সিমেন্ট রপ্তানি হলে দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন। এ ছাড়া নদীপথে সিমেন্ট চোরাচালান রোধেরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের জেনারেল ম্যানেজার জসিম উদ্দীন চৌধুরী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ায় সিমেন্টবাহী ট্রলার ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ছেড়ে গেছে। রোববার আরও বেশ কিছু সিমেন্টবোঝাই ট্রাক বন্দরে পৌঁছেছে।

বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গত বছরের জানুয়ারিতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে চারটি পণ্যবাহী নৌযান আটক করে কমিশন দাবি করে আরাকান আর্মি। এরপর থেকে ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বন্ধ ঘোষণা করে দেশটির জান্তা সরকার। তবে বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডু এলাকার সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।

দীর্ঘ বিরতির পর রাখাইনে সিমেন্ট রপ্তানি শুরু হওয়ায় টেকনাফের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত পরিস্থিতি এবং বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে রপ্তানি কার্যক্রম কতটা নিয়মিত ও বিস্তৃত হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সিমেন্ট রপ্তানির বিষয়ে তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানাবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD