চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে রেললাইনের কাছে লোকজনের জটলা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
তাঁরা জানান, ফজরের নামাজ আদায় শেষে সকালে হাঁটতে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের কাছেই মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে ছিল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় নম্বর সংগ্রহ করে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত মেহেদীর বাবার নাম সুমন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল কার্যক্রমের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।








