Logo

ঝালকাঠিতে পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, অধরা চোর

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:০২
ঝালকাঠিতে পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, অধরা চোর
ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ব্যাটারিটি স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ সার্ভিসিংয়ের জন্য স্থানীয় সেকান্দারের গ্যারেজে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেন।

পরবর্তী সময়ে পুলিশ ব্যাটারিটি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক নিজ উদ্যোগে গোপনে খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আলআমিনের কাছে চুরি যাওয়া ব্যাটারিটির সন্ধান পান বলে জানা গেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনকে থানায় নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সুযোগ তৈরি করে দেওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে। তাঁদের দাবি, শুধু চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের নয়, চোরাই মালামাল কেনাবেচায় সংশ্লিষ্টদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাঙারি ব্যবসায়ী আলআমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রকৃত চোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে চুরির সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD