আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ

সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আটটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
শিল্প পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় অস্থিরতা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে অন্তত ২০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি কার্যকর করা হয়। একই সময়ে আটটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
বিজ্ঞাপন
আন্দোলনরত এক পোশাক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রতিটি ক্ষেত্রে ব্যয় বেড়েছে। বর্তমান বাজারদরে সাড়ে ১২ হাজার টাকা বেতন দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের জন্য অবিলম্বে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বেড়েছে। এর প্রভাবেই বিভিন্ন পোশাক কারখানায় অসন্তোষ তৈরি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি এবং আটটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








