এবার শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মতপার্থক্য কাটেনি। শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও মালিকপক্ষ সর্বশেষ প্রস্তাবে ১৫ হাজার ৮০০ টাকা দিতে চেয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আলোচনার পরও সমঝোতা না হওয়ায় নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর উভয় পক্ষ তাদের আগের প্রস্তাবে পরিবর্তন আনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ড সূত্রে জানা যায়, সোমবারের সভার শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে দীর্ঘ আলোচনার পর দুই দফায় প্রস্তাব সংশোধন করে তা ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করা হয়।
অন্যদিকে, আগের সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছিল। সোমবারের বৈঠকে সেই দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।
বিজ্ঞাপন
সোমবার বেলা পৌনে ১২টায় শুরু হওয়া বৈঠকটি কয়েক দফা বিরতির মধ্য দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। প্রায় সাড়ে আট ঘণ্টার আলোচনা হলেও দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। পরে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নিয়ে সভা মুলতবি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের জানান, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে বোর্ডের চূড়ান্ত সুপারিশ এবং সরকারের নির্ধারিত মজুরিই শেষ পর্যন্ত কার্যকর হবে। এ কারণে আপাতত মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হচ্ছে না।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষ সব সময় তুলনামূলক কম প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। তাদের সর্বশেষ প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। অন্যদিকে, মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। তাই আলোচনার মাধ্যমেই দুই পক্ষকে সমাধানে পৌঁছাতে হবে।
এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আরও ২২টি কারখানা বন্ধ ছিল।
বিজ্ঞাপন
এ ছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা রয়েছে ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা ৭৩৬টি।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে ১৬ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে সেই সভা সোমবার অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মজুরি নিয়ে সমঝোতা হয়নি।








