পণ্য সংরক্ষণে বড় উদ্যোগ নিচ্ছে টিসিবি, বাড়বে মজুত সক্ষমতা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
বিজ্ঞাপন
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’
বর্তমানে টিসিবির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে পণ্য সংরক্ষণের মোট সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হওয়ার ফলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করছে সংস্থাটি।
তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শুধু ভাড়া করা গুদামের ওপর নির্ভর করতে চায় না টিসিবি। নিজস্ব গুদামের ধারণক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার কথা।
বিজ্ঞাপন
ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।’
বাফার স্টক বাড়াতেও সমীক্ষা শুরু
গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন পণ্য মজুত বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগ নিয়েছে টিসিবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ এবং সংরক্ষণ ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষা শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’
বাজারে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে যাতে সংকট মোকাবিলা করা যায়, সে লক্ষ্যেই বাড়তি মজুত গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে প্রয়োজনের সময় দ্রুত পণ্য সরবরাহ এবং বড় পরিসরে পণ্য সংগ্রহের সক্ষমতাও বাড়বে।
দুই মাসের চাহিদা মেটানোর প্রস্তুতি
বিজ্ঞাপন
নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সচল রাখতে অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো পণ্য মজুত রাখতে চায় টিসিবি। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় আগাম সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে পর্যাপ্ত মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গুদামের ধারণক্ষমতা বাড়ানো সম্ভব হলে রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য বেশি পরিমাণে সংগ্রহ করে রাখা সহজ হবে। এতে চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকায় দ্রুত পণ্য বিতরণের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
বিতরণ কার্যক্রমেও বাড়বে সক্ষমতা
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করছে টিসিবি। এসব কার্যক্রম পরিচালনায় উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচি অনুযায়ী গুদামের প্রয়োজন নির্ধারণ করতে হয়।
এ কারণে স্বল্পমেয়াদে ভাড়া করা গুদামের মাধ্যমে সংরক্ষণ সুবিধা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে নিজস্ব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টকের পরিমাণ ও তা বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ব্যবস্থাপনায় টিসিবির সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তথ্য সূত্র : বাসস








