Logo

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সোমবার বসছে বোর্ডের সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ২১:১২
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সোমবার বসছে বোর্ডের সভা
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এ লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো উপস্থাপন করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে বোর্ডের কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব এবং বিভিন্ন বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির কাজ এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয় গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভার মধ্য দিয়ে। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করেন।

শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে, পোশাক কারখানার অফিস স্টাফ ও কর্মচারীদের জন্যও আলাদা মজুরি কাঠামো প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এতে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ রয়েছে।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত কাঠামো জমা দিতে পারেনি। এ জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের পক্ষ থেকে চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই হিসাবে ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। এবার সোমবারের সভায় মালিকপক্ষের অবস্থান ও প্রস্তাব সামনে আসতে পারে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

এদিকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন মজুরি কাঠামোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের দাবি, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা এবং দৈনন্দিন অন্যান্য খরচ বেড়ে যাওয়াকে এ দাবির প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন শ্রমিক নেতারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া পরিচালনার জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

বিজ্ঞাপন

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। এবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা পড়লে দুই পক্ষের দাবির মধ্যে ব্যবধান ও নতুন মজুরি নির্ধারণের সম্ভাব্য দিকগুলো আরও স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD