ব্যাংকঋণের ৩৪ শতাংশই খেলাপি, ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ঋণ পুনঃতফসিল, বিশেষ ছাড় ও পুনর্গঠনের নানা সুযোগ দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনাদায়ী ঋণের পরিমাণ।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই অনাদায়ী হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।
এর আগের প্রান্তিক, অর্থাৎ জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময় মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ বছরের প্রথম তিন প্রান্তিকেই ব্যাংক খাতে অনাদায়ী ঋণের পরিমাণ ও হার—দুটিই ধারাবাহিকভাবে বেড়েছে।
অনিয়ম ও ঋণখেলাপির পুরোনো চিত্র সামনে
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে অনিয়ম ও প্রভাব খাটিয়ে বিতরণ করা অনেক ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতের আর্থিক অবস্থার প্রকৃত তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া হলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করে।
বিজ্ঞাপন
তাদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় ঋণ আদায়ের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা বন্ধ হয়নি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে দলটির সরকার ক্ষমতা ছাড়ার আগে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।
অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং ব্যাংক খাতের কাঠামোগত সমস্যার প্রভাব এখনো রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
সংস্কার ছাড়া খেলাপি ঋণ কমানো কঠিন
ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন।
তার মতে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের অভাবের কারণে দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির ওপর। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় নতুন বিনিয়োগের পথও সংকুচিত হচ্ছে।
বিজ্ঞাপন
ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছে। সব ব্যাংকের প্রকৃত তথ্য পুরোপুরি প্রকাশিত হলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই সাময়িক ছাড় দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত তথ্য গোপন না করে আদায়যোগ্য ঋণ দ্রুত আদায়ের কার্যকর উদ্যোগ নিতে হবে।
আন্তর্জাতিক মানের নিয়মেও বাড়ছে খেলাপি ঋণ
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অনিয়মের মাধ্যমে বিতরণ করা অনেক ঋণ এখন নিয়ম অনুযায়ী খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে।
এ ছাড়া ঋণ শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম প্রয়োগ করায় খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। আগে যেসব ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হতো, সেগুলোর অনেকই এখন আর আদায় হচ্ছে না। ফলে সেসব ঋণও খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত এবং ঋণের প্রকৃত অবস্থা প্রকাশের ফলে ব্যাংক খাতের দীর্ঘদিনের দুর্বলতা সামনে আসছে।
বিজ্ঞাপন
তবে শুধু খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ প্রকাশ করলেই পরিস্থিতির উন্নতি হবে না। এ সংকট কাটাতে ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, ব্যাংক পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।








