Logo

নভেম্বরের ২২ দিনেই দেশে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৯:৪৩
নভেম্বরের ২২ দিনেই দেশে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়
ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনেই দেশে ২ হাজার ৯০০ কোটি টাকার কাছাকাছি প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময়ে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রবাসী আয়ের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

এর আগে সদ্যবিদায়ী অক্টোবর মাসের পুরো সময়ে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২.৮৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD