Logo

স্বামীর জন্য নিজের কিডনি দান, অস্ত্রোপচারে শিক্ষক দম্পতি

profile picture
উপজেলা প্রতিনিধি
গৌরনদী, বরিশাল
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:১৪
স্বামীর জন্য নিজের কিডনি দান, অস্ত্রোপচারে শিক্ষক দম্পতি
ছবি: সংগৃহীত

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। তাঁর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবনের আশায় চিকিৎসাধীন রয়েছেন স্বামী সুদাম পাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে এই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। স্বামীর সুস্থতার জন্য নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা দেখা দেয়।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। বিভিন্ন স্থানে চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন রক্ষায় নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’

বর্তমানে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই ও সুদাম পালের শ্যালক সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার ভারতীয় স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে দুজনের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গৌরনদীজুড়ে ব্যাপক আলোচনা ও আবেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দম্পতির ভালোবাসা ও আত্মত্যাগের প্রশংসা করছেন। পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানাচ্ছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD