স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

একদিকে স্ত্রীর ক্যানসারের চিকিৎসা, অন্যদিকে নিজের দুই কিডনিতে জটিলতা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় স্বাভাবিকভাবে চলাফেরাও কঠিন হয়ে পড়ে। তবু জীবনযুদ্ধে থেমে নেই কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। ক্যামেরা হাতে প্রকৃতি, গ্রামবাংলার জীবন ও সাধারণ মানুষের গল্প তুলে ধরতে ছুটে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
আইন বিষয়ে পড়াশোনা শেষে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়েছিলেন জুয়েল। পরবর্তী সময়ে ব্যাংকের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে প্রচলিত পেশাগত জীবনের বাইরে নিজের পছন্দ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত বেছে নেন কনটেন্ট নির্মাণকে।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তাঁর উদ্যোগ ‘চিত্ত মিডিয়া’। অল্প সময়ের মধ্যেই ফেসবুক পেজটিতে যুক্ত হয়েছেন ৫৭ লাখের বেশি অনুসারী। ইউটিউবেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক সাবস্ক্রাইবার। তবে এই সাফল্যের পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা ও নিরন্তর পরিশ্রম।
নিজের শারীরিক অসুস্থতা নিয়ে জুয়েল রানা বলেন, দুই কিডনিতেই সমস্যা রয়েছে। এ কারণে প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয়। অনেক সময় শারীরিক সীমাবদ্ধতার কারণে ঠিক সময়ে কোথাও যেতে পারি না। ক্যামেরার পেছনে থাকা দুই সহকর্মী কাজের বড় শক্তি।
বিজ্ঞাপন
স্ত্রীর চিকিৎসা সম্পর্কেও তিনি জানান, এখনো তাঁর চিকিৎসা চলছে। আগের তুলনায় কিছুটা ভালো থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকার পাশাপাশি নিজের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।
জীবনের কঠিন সময়ে স্ত্রীর সহযোগিতার কথা স্মরণ করে জুয়েল বলেন, আমার মতো অগোছালো মানুষের সঙ্গে সে (স্ত্রী) থাকছে, সেটিই অনেক কিছু।
জুয়েলের কাছে জীবনের সার্থকতা কেবল অর্থ, সম্পদ কিংবা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের পছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারাকেই তিনি বড় প্রাপ্তি মনে করেন। তাঁর ভাষায়, সবাইকে নিয়ে যুদ্ধ করা গেলেও নিজের আত্মার সঙ্গে যুদ্ধ করা যায় না। তাই নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই অনিশ্চিত পথে এগিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আইন পেশা ছেড়ে ব্যাংকে কাজ শুরু করলেও সেখানে নিজের কাঙ্ক্ষিত জীবনের সন্ধান পাননি। অর্থের হিসাব-নিকাশের মধ্যে জীবন আটকে যাচ্ছে বলে মনে হয়েছিল তাঁর। পরে নিজের ভালো লাগার জায়গা থেকে শুরু করেন কনটেন্ট নির্মাণ। পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুটা সংশয় থাকলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
চিত্ত মিডিয়ার ভিডিওগুলোর মূল উপজীব্য প্রকৃতি ও গ্রামীণ জীবন। শীতের কুয়াশা, শিশিরভেজা ঘাস, সরিষার হলুদ মাঠ, কৃষকের জীবন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের গল্প উঠে আসে তাঁর নির্মিত কনটেন্টে। প্রকৃতির দৃশ্য ধারণের পাশাপাশি সাহিত্য ও জীবনবোধের সংমিশ্রণে দর্শকদের সামনে গল্পগুলো তুলে ধরতে চান তিনি।
এ ক্ষেত্রে কবি জীবনানন্দ দাশের সাহিত্য তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। জুয়েলের মতে, প্রকৃতিনির্ভর কোনো কনটেন্টে সাহিত্য না থাকলে তা লবণ-মসলা ছাড়া রান্নার মতো হয়ে যায়। প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় কবিতায় তুলে ধরার ক্ষেত্রে জীবনানন্দ দাশের দক্ষতা তাঁকে মুগ্ধ করে।
বিজ্ঞাপন
কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে সাময়িক জনপ্রিয়তার চেয়ে দীর্ঘস্থায়ী আবেদনকে বেশি গুরুত্ব দেন জুয়েল। তাঁর লক্ষ্য, এমন ভিডিও তৈরি করা, যা পাঁচ বছর নয়, পাঁচ যুগ পরও দর্শকের কাছে নতুন ও আকর্ষণীয় মনে হবে। এ কারণে সাময়িক ট্রেন্ড কিংবা ভাইরাল হওয়ার প্রতিযোগিতার বদলে প্রকৃতি, সাহিত্য ও মানুষের জীবনকে প্রাধান্য দেন তিনি।
বিপুলসংখ্যক অনুসারী ও দর্শকের ভালোবাসা পেলেও নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন এই কনটেন্ট নির্মাতা। তাঁর মতে, প্রতিটি ভিডিও তৈরির পরই মনে হয়, বিষয়টি আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব ছিল। আরও পড়াশোনা ও চর্চার মাধ্যমে গল্প বলার দক্ষতা বাড়াতে চান তিনি। অনুসারীর সংখ্যা বাড়ানোর চেয়ে কনটেন্টের মান উন্নয়নকেই বেশি গুরুত্ব দেন।
কনটেন্ট নির্মাণে বাণিজ্যিক চাপ ও বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কেও সচেতন জুয়েল। তাঁর ভাষায়, অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকলেও সব ধরনের কাজ করা সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে বিবেকের তাগিদে সিদ্ধান্ত নিতে হয়। জীবিকা নির্বাহের পাশাপাশি কাজের নিজস্ব মান ও নীতিগত অবস্থান ধরে রাখার চেষ্টা করেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে জুয়েলের। সরকারপ্রধান তাঁর কনটেন্ট নিয়মিত দেখেন—এমন স্বীকৃতিকে নিজের জন্য বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নেই তাঁর। সব শ্রেণি-পেশা ও মতের মানুষের জন্য কাজ করতে চান। দর্শকদের কাছে নিরপেক্ষ অবস্থান বজায় রাখাই তাঁর লক্ষ্য।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জুয়েল জানান, আগামী পাঁচ বছরে আরও বিনয়ী হতে চান এবং মানুষের আরও কাছাকাছি যেতে চান। ক্যামেরা হাতে প্রকৃতির গভীরে গিয়ে নতুন নতুন গল্প আবিষ্কার করাই তাঁর স্বপ্ন।
যাঁরা অন্য পেশা ছেড়ে কনটেন্ট ক্রিয়েশনে আসতে চান, তাঁদেরও সতর্ক করেছেন তিনি। জুয়েলের মতে, এই পেশায় আয় কিংবা সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগও নেই। বরং প্রতিনিয়ত পড়াশোনা, পরিশ্রম ও সৃজনশীলতার প্রয়োজন হয়। তাই প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে হুট করে এ পেশায় আসার পরামর্শ দেন না তিনি।
বিজ্ঞাপন
সফলতার সংজ্ঞাও জুয়েলের কাছে আলাদা। বড় বাড়ি, গাড়ি কিংবা জমিজমার চেয়ে দিন শেষে নিজের ভেতর থেকে ভালো থাকাকেই তিনি সফলতা মনে করেন।
নিজের অসুস্থতা ও স্ত্রীর চিকিৎসার চাপ সামলেও প্রকৃতি এবং মানুষের গল্প তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছেন জুয়েল রানা। শারীরিক সীমাবদ্ধতা ও জীবনের অনিশ্চয়তা তাঁকে থামিয়ে দিতে পারেনি। তাঁর কাছে গন্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজের ভালোবাসার কাজ নিয়ে এগিয়ে চলার এই নিরন্তর যাত্রা।








