বৈশাখী টিভিতে হামলা-ভাঙচুর, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতির মধ্যে টেলিভিশনটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাঁকে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাঁকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পরে জানানো হবে।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটির এক সাংবাদিক।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ওই লাইভে সাংবাদিক দাবি করেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তাঁরা ভবন থেকে বের হতে পারছেন না।
লাইভে ওই সাংবাদিক বলেন, “আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।”
তিনি আরও জানান, হামলাকারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন এবং লিফটও বন্ধ করে দিয়েছেন। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েছেন। এ সময় তাঁদের দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
বিজ্ঞাপন
পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান ওই সাংবাদিক।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।








