Logo

বৃষ্টিতে মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে নামলেন বিএনপি নেতা

profile picture
উপজেলা প্রতিনিধি
২৪ নভেম্বর, ২০২৬, ১৩:২৩
বৃষ্টিতে মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে নামলেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

একটু মানবিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে এগিয়ে এসেছেন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সৃষ্ট বিপজ্জনক গর্তে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে রাতেই সংস্কারকাজে নামেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণে গৌরনদী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বড় একটি গর্তের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে গর্তটি পানিতে ডুবে যায়। ফলে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকেরা গর্তটির গভীরতা বুঝতে পারেননি। একপর্যায়ে সেখানে পড়ে দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাতেই গর্তটি সংস্কারের উদ্যোগ নেন।

পরে নিজ উদ্যোগে নেতা-কর্মীদের সহযোগিতায় একাধিক বস্তা বালু ও খোয়া ফেলে গর্তটি সাময়িকভাবে ভরাট করা হয়। এতে মহাসড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচলের ঝুঁকি কিছুটা কমে আসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাৎক্ষণিক এ উদ্যোগের ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বদিউজ্জামান মিন্টুর উদ্যোগ নিয়ে প্রশংসা করছেন অনেকে। তাঁর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে কেউ কেউ তাঁকে 'মানবিক নেতা' হিসেবেও আখ্যায়িত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে জনদুর্ভোগ কমাতে এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

তবে বালু ও খোয়া দিয়ে গর্ত ভরাট করাকে স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। জননিরাপত্তার স্বার্থে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD