সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের সভা

বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টুর বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়েরের প্রতিবাদে সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উজিরপুর প্রেসক্লাবে এ আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমেদুর কবির বিপ্লব মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদসহ অন্য সাংবাদিকরা।
আলোচনায় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রেক্ষাপট, সংবাদ প্রকাশের তথ্যসূত্র এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা নিয়ে কথা বলেন উপস্থিত সাংবাদিকরা। এ সময় তাঁরা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টু মনগড়া বা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেননি। দলিল লেখক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির করা সাধারণ ডায়েরি (জিডি), ভুক্তভোগী ও অভিযোগকারীর বক্তব্য এবং ঘটনার সত্যতা তুলে ধরার মতো ভিডিও বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তাঁরা আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নীতিমালা। কোনো সংবাদকে মানহানিকর মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তির আইনি প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিককে মামলা দিয়ে চাপে ফেলার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
সভায় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক সেন্টুকে ব্যক্তিগত ও পেশাগতভাবে প্রশ্নবিদ্ধ করা এবং তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বক্তারা প্রকাশিত সংবাদের পক্ষে থাকা তথ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও ভিডিও ফুটেজ যথাযথভাবে বিবেচনার আহ্বান জানান। প্রকৃত সত্য উদ্ঘাটন না করে কোনো সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা বা তাঁর পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা মত দেন।
সভা থেকে সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্য-প্রমাণনির্ভর সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং উজিরপুর প্রেসক্লাবের মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, সহ-সভাপতি নাসির উদ্দীন বালী অপু ও মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের সব সদস্য।








