কোনো ভদ্র পরিবারের সন্তান আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

কোনো ভদ্র পরিবারের সন্তান আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দুলু। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।’
বিজ্ঞাপন
বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেন সংসদীয় হুইপ দুলু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’
আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নাটোরে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। দুলু বলেন, ৫ আগস্ট যেভাবে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, একইভাবে বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।








