৫৫ বছরেও সংরক্ষণ হয়নি রাজাপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি

১৯৭১ সালের ২৩ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ ও সম্মুখযুদ্ধের পর শত্রুমুক্ত হয়েছিল ঝালকাঠির রাজাপুর। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম হানাদারমুক্ত হওয়ার গৌরব অর্জন করে উপজেলাটি। সেদিন উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
বিজ্ঞাপন
কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এতে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের অধীন। ওই সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি স্থাপন করেন।
১৪ নভেম্বরের পর রাজাপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও আক্রমণ আরও জোরালো হয়ে ওঠে। এ সময় স্থানীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করত। থানা ঘাটসংলগ্ন বধ্যভূমিতে নিরীহ মানুষকে বেঁধে গুলি করে নদী ও খালে ফেলে দেওয়া হতো।
বিজ্ঞাপন
তৎকালীন কলেজছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর তীরে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেওয়ার ঘটনাও স্থানীয়দের কাছে আজও এক বেদনাবিধুর স্মৃতি।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত লড়াই শুরু হয় ২২ নভেম্বর রাতে। রাজাপুর থানা এলাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা। তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশ নেন। রাতভর দুই পক্ষের মধ্যে চলে গোলাগুলি ও তীব্র সম্মুখযুদ্ধ।
পরদিন ২৩ নভেম্বর সকাল পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকে। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় রাজাপুর থানা। সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ২০ জন মুক্তিযোদ্ধা।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ বিজয় ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল বরিশাল সাব-সেক্টরের অধীন। ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনিও সরাসরি অংশ নেন এবং সেদিন গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল। এ ছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে প্রাণ হারান আরও প্রায় ২০০ মানুষ।
এত বড় হত্যাযজ্ঞের স্মৃতিবাহী স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এসব স্থানে নেই প্রয়োজনীয় স্মৃতিফলক কিংবা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পর্যাপ্ত ব্যবস্থা। ফলে স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও শহীদদের স্মৃতি রক্ষায় দৃশ্যমান উদ্যোগের অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা রয়েছে।
রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা আজও নানা সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাঁদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান নিজের বঞ্চনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ঘর তিনি এখনো পাননি। অনেকেই সরকারের দেওয়া ঘর পেলেও তিনি বঞ্চিত রয়েছেন। মৃত্যুর আগে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সেই দেশের দেওয়া উপহারের ঘরে শেষ জীবন কাটাতে পারলে মৃত্যুর পরও শান্তি পাব।
মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নতুন প্রজন্মের কাছে এসব স্থানের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করতে হবে। তা না হলে একসময় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।








