Logo

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল জান্নাত, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৩ নভেম্বর, ২০২৬, ১৪:৫২
মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল জান্নাত, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়ে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত দিলশাত (১৯)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে আইনজীবী হবেন। সেই লক্ষ্যেই গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু যাত্রা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান মিফতাহুল।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আনিসুজ্জামান এবং মা রিজিয়া বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পড়াশোনার কারণে মাঝেমধ্যে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে নানার বাসায় থাকতেন।

মিফতাহুল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছিলেন। স্নাতকে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার উদ্দেশ্যেই দুর্ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার মামা হারুনুর রশিদ জানান, সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মিফতাহুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

হারুনুর রশিদ আরও বলেন, সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে আমার ভাগনি মারা গেছে। দুর্ঘটনার পর থেকে চিকিৎসার পেছনে আমাদের সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি। আমার ভাগনির বাবা নেই। অনেক কষ্টে তাকে বড় করা হয়েছে।

সোমবার আসরের নামাজের পর পটিয়ায় তাদের গ্রামের বাড়িতে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মামা।

বিজ্ঞাপন

মিফতাহুলের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা রিজিয়া বেগম। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মেয়ের কথা বলতে গিয়ে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD