Logo

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, প্রাণ গেল নবজাতকের

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:০৩
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, প্রাণ গেল নবজাতকের
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা থেকে অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়েছিলেন এক চিকিৎসক। পথিমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাত দলের কবলে পড়ে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় ডাকাতদের হামলা ও আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দেন ওই নারী। তবে শেষ পর্যন্ত নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জের সিংদহ (বাগমারা বাজার) এলাকায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাতরা তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না সিংদহ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নোমান। তার স্ত্রী আফসারা তাসনীম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ দিয়ে ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তাকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে ব্যথা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে যশোর আদ-দ্বীন হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্সে রওনা দেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পথে রাত দেড়টার দিকে গান্না সিংদহ এলাকায় পৌঁছালে সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সটিও ডাকাতদের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা প্রথমেই তাদের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। স্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে বারবার অনুরোধ করলেও ডাকাতরা কর্ণপাত করেনি। এমনকি তার স্ত্রীর কানে থাকা স্বর্ণালংকার নেওয়ার সময় কান কেটে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা।

চিকিৎসক আরও জানান, ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ আসছে জানতে পেরে ডাকাতরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় অ্যাম্বুলেন্সের চাবি হারিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে যাত্রা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রায় দুই ঘণ্টা পর চাবি খুঁজে পাওয়ার পর সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে তারা যশোরের দিকে রওনা হন।

ডা. নোমানের ভাষ্য অনুযায়ী, ডাকাতির সময় থেকেই তার স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। ওই সময়ই অনাগত সন্তানের একটি পা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে। পরে কালীগঞ্জ শহর পেরিয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে জন্ম নেওয়া ছেলেশিশুটির মৃত্যু হয়। এরপর তারা চুয়াডাঙ্গায় ফিরে যান। বর্তমানে আফসারা তাসনীম বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান তার স্বামী।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলেও জানান তিনি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির সময় নয়, বরং ঘটনাস্থল থেকে যশোরের উদ্দেশে যাওয়ার পথে বারোবাজার এলাকায় নবজাতকের মৃত্যু হয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটির হাসপাতালে যাওয়ার পথ তৈরি করে দেয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD