পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাজদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।








