অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সীমান্ত এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। স্থলপথে টহল দল রাতভর অ্যালার্ম বাজিয়ে সতর্কতামূলক নজরদারি চালাচ্ছে। পাশাপাশি নৌপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরা। অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় সার্চলাইট ব্যবহার করেও চলছে বিশেষ পাহারা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধি করে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা যায়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় টহল পরিচালনার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব বিওপি ও সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৩ বিজিবির এই জোরদার নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।








