পরকীয়ার অপবাদে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে ওই তরুণী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও তার পুত্রবধূ এসে তাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে ওই তরুণীকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানে বেধড়ক মারধর শুরু করেন। তরুণী তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে তাকে বিবস্ত্র করে আঘাত করতে থাকেন। পরিবারের ধারণা, মেয়েটির সঙ্গে আব্দুল বাকীর ছেলে আসিফের পরকীয়া সম্পর্ক রয়েছে। সে কারণেই ছেলের মা ও স্ত্রী মেয়েটিকে মারধর করেছেন।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সঙ্গে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবি বসে বাড়ির পাশে গল্প করছিলাম। এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। আমার সঙ্গে পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে আমাকে মেরেছেন। একপর্যায়ে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যৎ নষ্ট করল ও অকারণে মারল। আমি এর বিচার চাই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মারধরের শিকার তরুণীর মা ও ভাবি জানান, তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করল। যার সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ। মেয়েটির ভবিষ্যৎ তারা শেষ করে দিল। আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তার বাবা ও ভাই। তারা জানান, আমরা অসহায় মানুষ। বিনা কারণে আমার মেয়েকে তারা অপবাদ দিল। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে-শাদি দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ, কী করব ভেবে পাচ্ছি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আসিফ জানান, মেয়েটির সঙ্গে আমি কোনো দিন ফোনেও কথা বলিনি। কেউ প্রমাণ দিতে পারবেন না। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি। পরিবারে খরচ ঠিকমতো দিতে পারি না। তাই হয়তো আমার পরিবারের লোকজন তাকে আমার সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে মারধর করেছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি। সে সম্পর্কে আমার ভাতিজি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাইজুল্লাহ বিপু জানান, রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে, তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ডোমার থানার ওসি ফেরদৌস আলম সরকার জানান, ঘটনার ভিডিও তাঁর নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








