ভান্ডারিয়ায় দুই এলাকার সংযোগ সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কানুয়া এলাকার সঙ্গে গৌরীপুর ইউনিয়নের ১ নম্বর শ্রীপুর গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভেঙে ও ধসে যাওয়ায় দুই এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভান্ডারিয়া পৌরসভার কানুয়া গ্রামের কাজীবাড়ী মসজিদ থেকে গৌরীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দিকে যাওয়া প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভাঙন ক্রমেই বাড়ছে। বর্তমানে সড়কটির কয়েকটি অংশ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া ব্যাহত হচ্ছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বিপাকে পড়ছেন কৃষকেরা। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও তৈরি হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধকতা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সবচেয়ে উদ্বেগের বিষয়, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। ফলে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়ার বিষয়টি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির দুরবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
জনদুর্ভোগ লাঘব এবং দুই এলাকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।








