Logo

কর্মসংস্থানের আশায় ভেড়ামারা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর আবেদন

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:০৫
কর্মসংস্থানের আশায় ভেড়ামারা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর আবেদন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রায় এক দশক আগে প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভেড়ামারা উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের কাছে স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক তৈরি এবং প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগ স্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত প্রকল্পের কার্যক্রম শুরু করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ উন্মুক্ত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা ও চর রূপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে প্রকল্পের জন্য নির্ধারিত সরকারি খাসজমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৪২০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হয়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে ভেড়ামারা শিল্পায়নের জন্য সম্ভাবনাময় একটি এলাকা। পদ্মা নদীর তীরবর্তী অবস্থান, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগের সুবিধা এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নিকটবর্তী হওয়ায় এখানে শিল্পকারখানা গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনাসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হতে পারে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব শাজাহান আলী বলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বৃহত্তর কুষ্টিয়ার মানুষের এ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে দ্রুত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী বলেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন মহলের উপস্থিতিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, দীর্ঘদিনের প্রতীক্ষিত অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগ বলেন, গত ১৭ বছরে মিরপুর-ভেড়ামারা অঞ্চলের মানুষ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। এটি চালু হলে এ অঞ্চলের বেকারত্ব অনেকাংশে কমবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হবে। এতে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD