ডেটিং অ্যাপে নারীর পরিচয়ে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭

নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে কৌশলে অর্থ হাতিয়ে নিত চক্রটি। প্রাথমিক তদন্তে শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের তথ্য পেয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিব (২০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চক্রটি এভাবে শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেছে।
তিনি আরও জানান, এই প্রতারণার সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। তদন্তের মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত করে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। প্রতারণায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সাইবার আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ডেটিং অ্যাপের আড়ালে সংঘটিত এমন প্রতারণার ঘটনায় ময়মনসিংহ নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই না করে ব্যক্তিগত তথ্য, ছবি কিংবা অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।








