ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজা নগরীর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান থেকে পরিচালিত এক হামলায় ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হয়েছেন।
এর আগে স্থানীয় একাধিক সূত্র জানায়, গাজার পশ্চিমাঞ্চলের হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, হামাসের জ্যেষ্ঠ এক নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিলেন আবু নাহল।
কানের প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে এক বিশেষ অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের সদস্যরা মঈনকে আটক করেন। বর্তমানে তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেটের যৌথ বিবৃতিতে হামাসের একজন শীর্ষ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করা হয়েছে। তবে ওই বিবৃতিতে লক্ষ্যবস্তু ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
সূত্র: এএফপি ও রয়টার্স








