যুদ্ধে ইরান জয়ী হবে, যুক্তরাষ্ট্র হারবে: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হতে পারবে না বলে মনে করেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জন জে. মিয়ারশাইমার। তাঁর বিশ্লেষণ, কেবল বিমান হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। এ ধরনের চেষ্টা অতীতেও সফল হয়নি। বরং ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির ওপর আরও বড় চাপ তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিয়ারশাইমার মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী সামরিক পদক্ষেপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের কারণ হতে পারে। তাঁর মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছেন। কিন্তু ইতিহাসে শুধু বিমান শক্তি ব্যবহার করে সরকার পরিবর্তনের সফল নজির নেই।
এদিকে ইরানের সঙ্গে সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল প্রকাশের পর তেলের দাম ও শেয়ারবাজারের ওঠানামার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প। তবে মিয়ারশাইমারের বিশ্লেষণে, এই যুদ্ধের সামরিক ও অর্থনৈতিক পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও জটিল হয়ে উঠতে পারে।
‘মার্গালা ডায়ালগ’-এ প্রায় দুই ঘণ্টার বক্তৃতায় ৭৮ বছর বয়সি এই অধ্যাপক আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তন, একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান এবং বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, বিশ্ব এখন ধীরে ধীরে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে।
বিজ্ঞাপন
একমেরুকেন্দ্রিক বিশ্ব থেকে নতুন প্রতিযোগিতা
মিয়ারশাইমারের বক্তব্য অনুযায়ী, ১৯৯২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আধিপত্য বিস্তার করেছিল। ওই সময়ে বৃহৎ শক্তিগুলোর মধ্যে বর্তমানের মতো প্রতিযোগিতা ছিল না। সেই সময়ের মার্কিন আধিপত্য তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ছিলাম গডজিলার মতো, এবং আমরা সারা বিশ্বে ছুটে বেড়িয়ে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছি। সেটিই ছিল একমেরুকেন্দ্রিক মুহূর্ত।’
এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ছিল দ্বিমেরুকেন্দ্রিক। ১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সেই অধ্যায়ের অবসান ঘটে।
বিজ্ঞাপন
বৃহৎ শক্তিগুলোর ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাদের ‘গরিলা’র সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষায়, এসব শক্তি ‘ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং প্রচুর সমস্যার সৃষ্টি করে।’ তাই আন্তর্জাতিক রাজনীতিতে তাদের পারস্পরিক প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতায় বাড়ছে গুরুত্ব
বিজ্ঞাপন
একবিংশ শতাব্দীর বাকি সময়জুড়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহৎ শক্তির দ্বন্দ্ব হিসেবে দেখছেন মিয়ারশাইমার। তাঁর মতে, চীন এখন যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত হুমকি। এ কারণে ইউরোপের তুলনায় পূর্ব এশিয়া ওয়াশিংটনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
‘পিভট টু এশিয়া’ বা এশিয়ামুখী নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চীনের প্রভাব মোকাবিলা করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতার মধ্যে পাকিস্তানের অবস্থান নিয়েও আলোচনা করেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও চীন—দুই দেশের সঙ্গেই পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত ইসলামাবাদকে কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য হতে হয়নি, যা দেশটির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিজ্ঞাপন
তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলে সতর্ক করেন তিনি। কারণ, চীন ও যুক্তরাষ্ট্র এশিয়াজুড়ে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা নিয়ে প্রতিযোগিতা বাড়াচ্ছে। চীনের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রচেষ্টাও এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন নিয়ে চাপে ওয়াশিংটন
মিয়ারশাইমারের মতে, পারস্য উপসাগর ও ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষে পূর্ব এশিয়ায় আগের মতো মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে এশিয়ায় প্রভাব বাড়ানোর পরিবর্তে অঞ্চলটি থেকে মার্কিন সামরিক সক্ষমতা সরিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন পূর্ব এশিয়ায় কোনো সংকট বা চীনের সঙ্গে ঝামেলা একদমই চায় না।”
তাঁর দাবি, পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করতে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ মার্কিন নৌবহর সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে চীনের সঙ্গে সম্ভাব্য সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এই কৌশলগত পরিস্থিতির কারণে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান নিচ্ছেন বলে মনে করেন তিনি। তবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত শেষ হলে যুক্তরাষ্ট্র আবারও এশিয়ায় মনোযোগ দিতে পারে। তখন চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে, যা পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি নিয়ে সমালোচনা
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রবণতার সমালোচনা করে মিয়ারশাইমার বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত।” আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতার পরও ওয়াশিংটন ইরানের সঙ্গে আবার সংঘাতে জড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তাঁর বক্তব্য, নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছেন। কিন্তু এ ধরনের সামরিক কৌশল দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয়।
বিজ্ঞাপন
ঐতিহাসিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “ইতিহাসে এমন একটিও নজির নেই যেখানে শুধু বিমান শক্তি দিয়ে শাসনব্যবস্থা পরিবর্তন করা গেছে... এর জন্য স্থল অভিযান চালাতে হয়।”
তাঁর মূল্যায়ন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। বরং ইরানের পাল্টা আঘাতের কারণে আন্তর্জাতিক অর্থনীতি আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে।
গাজা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের ভূমিকা
বিজ্ঞাপন
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানেরও কঠোর সমালোচনা করেন মিয়ারশাইমার। তাঁর মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিতাড়নের সুযোগ তৈরি করতে চেয়েছে এবং সামরিক অভিযান গণহত্যায় রূপ নিয়েছে।
তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বিতাড়িত করার উপায় হিসেবে এই গণহত্যা চালানো হয়েছে এবং তা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। কিন্তু ইসরাইলিরা এখনো তাদের তাড়িয়ে দিতে বদ্ধপরিকর।’
পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গাজাকে বন্দিশিবিরে পরিণত করে আরেকটি ‘নাকবা’ বা বিপর্যয়ের পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করেন।
মিয়ারশাইমারের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া গাজায় ইসরায়েলের এ ধরনের অভিযান সম্ভব হতো না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটি বোঝা খুবই জরুরি যে যুক্তরাষ্ট্র এই গণহত্যার সহযোগী।”








