Logo

ইরানকে ইসরায়েলের জন্য হুমকি মনে করেন না আইজেনকট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬, ২২:১৪
ইরানকে ইসরায়েলের জন্য হুমকি মনে করেন না আইজেনকট
ছবি : জনবাণী গ্রাফিক্স

ইরানকে ইসরায়েলের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখলেও এখনই দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন মনে করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তাঁর এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের হুমকিকে খাটো করে দেখার বিষয়ে আইজেনকটের সমালোচনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর বিষয়গুলোর একটি। তবে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন না।

অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলকে ঘিরে বড় ধরনের নিরাপত্তাঝুঁকির কথা তুলে ধরেছেন। এসব হুমকিকে গুরুত্বহীন করে দেখানোর যে কোনো প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, কেউ এমন অবস্থান নিলে তা রাজনৈতিক উদ্দেশ্যেই করেন। একই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি। গত রোববার দুই দলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হার্জলিয়ার একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানে নতুন সরকারের নেতৃত্ব কার হাতে থাকবে এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।

লিকুদ পার্টি বেন-গভিরকে নতুন সরকারে রাখতে আগ্রহী। তবে ইয়াশার পার্টি তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে উঠেছে।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দল জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে পরবর্তী বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

বিজ্ঞাপন

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকটকে সরকার গঠনের উদ্যোগ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

ইরান প্রশ্নে দুই নেতার ভিন্ন অবস্থানের পাশাপাশি সরকার গঠনের জটিলতা ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-আরাবিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD