Logo

জার্মানিতে স্কুলে স্কুলে বোমার হামলার হুমকি, আতঙ্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬, ২০:৩১
জার্মানিতে স্কুলে স্কুলে বোমার হামলার হুমকি, আতঙ্ক
ছবি: সংগৃহীত

জার্মানির শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন এলাকায় উদ্বেগ তৈরি হলেও তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) কর্তৃপক্ষ জানায়, হুমকিগুলোকে আপাতত গুরুতর বিপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এসব হুমকি পেয়েছে।

সবচেয়ে বেশি হুমকি এসেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গ অঙ্গরাজ্যে। সেখানে ৪৫০টিরও বেশি স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব বার্তার কারণে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইল পাঠানো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইল পাঠিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা স্কুল ভবনে বিস্ফোরক রাখার দাবি করেছে। পাশাপাশি সেগুলো বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে।

ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের হুমকি জনমনে ব্যাপক আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। তাই এমন কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ই-মেইলে লেখা ছিল, ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে।’

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলো খালি করার কোনো পরামর্শ দেওয়া হয়নি। কারণ, এ ঘটনাকে বর্তমান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র। বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, স্কুল ও ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং যথাযথভাবে ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

এদিকে গত কয়েক সপ্তাহে ইতালি, যুক্তরাজ্য, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলেও একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ ছাড়া সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশের ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং কয়েকটি দেশের সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

সূত্র: এএফপি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD