জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ফিরিয়ে দিল পুলিশ

বাংলাদেশ ভ্রমণে এসে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বিজ্ঞাপন
এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা নেই।
পরে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। তাঁর ল্যাপটপে গত ছয় মাসের কাজের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
লিখিত অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন তিনি।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ল্যাপটপ উদ্ধারে অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন আইজিপি।
বিজ্ঞাপন
এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিং জোরদারের নির্দেশনা দেন আইজিপি।








