Logo

নারী আসনের উপনির্বাচনে ঋণখেলাপিদের তথ্য চেয়েছে কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৭:০৭
নারী আসনের উপনির্বাচনে ঋণখেলাপিদের তথ্য চেয়েছে কমিশন
ছবি: সংগৃহীত

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে আগ্রহী কোনো ঋণখেলাপি যাতে প্রার্থী হতে না পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. আবদুল মমিন সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব প্রার্থীর ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের সাধারণ আসনের নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও ঋণখেলাপিদের প্রার্থিতা ঠেকাতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর প্রাসঙ্গিক বিধান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীদের নাম এবং তাঁদের পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ওই প্রক্রিয়া শুরুর নির্ধারিত সময়সীমার আগেই সব প্রার্থীর ঋণখেলাপি-সংক্রান্ত হালনাগাদ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ও নির্বাচনী বিধিবিধান অনুসরণের মধ্য দিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপনির্বাচনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD