Logo

ইউপি নির্বাচন নিয়ে বৈঠকে ইসি, নির্ধারণ হতে পারে সময়সূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১২:০১
ইউপি নির্বাচন নিয়ে বৈঠকে ইসি, নির্ধারণ হতে পারে সময়সূচি
ছবি: সংগৃহীত

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকারের এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন। এর মধ্যে সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সম্ভাব্য সময় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইসির পার্সোনালাইজেশন সেন্টারে জাতীয় পরিচয়পত্র ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা পর্যালোচনাও সভার আলোচ্যসূচিতে রয়েছে। এসব যন্ত্রের যথাযথ রক্ষণাবেক্ষণ, আটকে থাকা জাতীয় পরিচয়পত্র ছাপানোর কাজ দ্রুত সম্পন্ন করা এবং বকেয়া বিল পরিশোধের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ও কমিশনের বিবেচনায় আসবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD