Logo

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি: সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৫:৪১
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি: সচিব
ছবি: সংগৃহীত

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এর আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছিল।

আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে শুধু নির্ধারিত সময়সূচি নয়, দেশের সামগ্রিক স্থানীয় পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি মাঠপর্যায়ের পরিবেশ মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।

এদিকে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, প্রস্তাবিত প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট নির্বাচনকেন্দ্রিক নয়। এটি ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে মতামত পাওয়া গেছে। সেসব প্রস্তাব পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

ইউপি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত পর্যালোচনার পর তফসিল চূড়ান্ত করা হবে।

ইসি সচিব আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশার যে মানদণ্ড তৈরি হয়েছে, সেটি ধরে রেখে আরও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD